চার বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহীকে সভাপতি ও সংগীত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সর্দার জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাদের একজনের নিয়মিত ছাত্রত্ব নেই।
মঙ্গলবার (২৯ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন ১১ সদস্যের কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ আট জনেরই নিয়মিত ছাত্রত্ব নেই। সভাপতি রাহীর দাবি, তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সে ভর্তি আছেন। আর সাধারণ সম্পাদক সর্দার জহুরুলের দাবি, তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের ভাষা শিক্ষার শর্ট কোর্সে ভর্তি আছেন। এ ছাড়া বাকি ছয় জন বিভিন্ন বিভাগে এমফিল, সান্ধ্য ও শর্ট কোর্সে ভর্তি আছেন বলে জানা গেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও জান্নাতুন নাঈম তুহিনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু ও দফতর সম্পাদক নাফিউল জীবন। এর মধ্যে জাহিন বিশ্বাস এষা, মাহমুদুল হাসান মিঠু ও জান্নাতুন নাঈমের ছাত্রত্ব আছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা প্রদানের পাশাপাশি সম্মেলনের মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব হল কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া হল কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে রাবি ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।