ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ সোমাবার (১৮ আগস্ট)। এ দিন সকাল থেকেই নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড় করতে দেখা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত প্যানেল ঘোষণা করেনি কোনও ছাত্রসংগঠন।
জানা গেছে, শেষ মুহূর্তে আরও ইনক্লুসিভ প্যানেল তৈরি করতেই অনেকে শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। কেউ কেউ বলছেন এটা নির্বাচনি কৌশল। আবার অনেকে এখনও পুরোপুরিভাবে প্যানেল গুছিয়ে আনতে পারেননি।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, নির্বাচনি কৌশল হিসেবে অনেকে শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করে থাকে। তাছাড়া নিজেদের মধ্যে আলোচনা চলে কীভাবে আরও ভালোভাবে প্যানেল সাজানো যায়। আমরাও নির্বাচনি কৌশল হিসেবেই শেষ মুহূর্তে মনোনয়ন ফরম সংগ্রহ করতে চাচ্ছি।
এদিকে সকাল ১১টায় ইসলামি ছাত্র শিবিরের প্যানেল ঘোষণার কথা থাকলেও সেটা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।
দুপুর আড়াইটায় ফরম সংগ্রহ করবে ছাত্রদলের প্যানেল। এর আগেই ফরম নেবে গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদের প্যানেল, ফরম সংগ্রহ করবে বাম জোট এবং অন্যরা।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় ১২ আগস্ট। গতকাল পর্যন্ত ছয় দিনে ডাকসুতে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১২৫ প্রার্থী। তাদের মধ্যে ভিপি পদে ১৯, জিএস পদে দুই, এজিএস পদে পাঁচ, সম্পাদক পদে ৪৪ এবং সদস্য পদে ৫৫ জন ফরম নেন। এখন পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩৮ জন। তাদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র পদপ্রার্থী হলেও আজ একত্রে সব ছাত্রসংগঠন ফরম সংগ্রহ করছে।