ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য কমিটি গঠন করেছ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে কমিটিকে যত দ্রুত সম্ভব ইকসুর গঠনতন্ত্র বা সংবিধি প্রণয়ন করে জমা দিতে বলা হয়েছে।

১১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হলেন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজিবুল হক, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ। এ ছাড়া সদস্য সচিব হলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং চারুকলা বিভাগের সভাপতি ড. মো. কামরুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য সদস্যরা হলেন ঢাবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হক, চবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ইমাম হোসেন সিডনি।