জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, প্রার্থী হলেন যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মীর মশাররফ হোসেন হলের সভাপতি ও বাংলা ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শেখ সাদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী।

ছাত্রদল সমর্থিত প্যানেলে যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে সাদিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আঞ্জুমান আরা ইকরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক পদে আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক পদে আমিনুল ইসলাম, তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে জাবের হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া সমাজসেবা ও মানব উন্নয়ন পদে তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা (পুরুষ) পদে শাকিল সরদার, সহ-সমাজসেবা (নারী) পদে কাজী মৌসুমি আফরোজ, ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়াও কার্যকরী সদস্য (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরিন নিঝুম। অন্যদিকে কার্যকরী সদস্য (পুরুষ) পদে হামিদুল্লাহ সালমান, মেহেদি হাসান, এ এম রাফিদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলন শেষে ভিপি পদপ্রার্থী শেখ সাদী বলেন, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই জাকসু নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী প্যানেল কেন্দ্রীয় এবং হল সংসদে ফুল প্যানেলে বিজয়ী হবে বলে আমি বিশ্বাস করি।

সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, আমি জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ দিতে চাই এ জন্য, তারা নারী-পুরুষ বৈষম্য না করে জিএসের মতো শীর্ষ একটি পদে নারী নেতৃত্ব বেছে নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে যত জাকসু নির্বাচন হবে, তাতে নারীরা নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহিত হবেন।