জাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বিরিয়ানি বিতরণের অভিযোগ

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে ভোটারদের বিরিয়ানি খাইয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের পুরুষ যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জিয়া উদ্দিন আয়ানের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের দ্বিতীয় তলার ২১৫নং কক্ষে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিরিয়ানি খাইয়ে ভোট চাওয়া হচ্ছে এমন খবর পেয়ে সরেজমিন গিয়ে দেখা গেছে, নজরুল হলের ২১৫নং কক্ষে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ২৫ জনের অধিক মানুষের সমাগম করে জিয়া উদ্দিন আয়ানের উপস্থিতিতে বিরিয়ানি খাইয়ে ভোট চাওয়া হচ্ছে।

তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দ্রুত কক্ষ থেকে বের হয়ে যান। ভেতরে কী হয়েছে তা বের হওয়া এক শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তিনি জানান, জিয়া উদ্দিন আয়ান খাবারের আয়োজন করেছেন। তবে তিনি নিজের নাম-পরিচয় না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে ওই কক্ষে প্রবেশ করলে দেখা গেছে, বাইর থেকে অর্ডার করে আনা বিরিয়ানির প্যাকেট রয়েছে। উপস্থিত ব্যক্তিদের কয়েকজন জানান, তারা একসঙ্গে খাওয়া-দাওয়া সেরেছেন।

সেখানে থাকা কয়েকজন ভোটার দাবি করেন, তারা নিজস্ব অর্থায়নে খাবার এনেছেন। আবার কয়েকজন পরে স্বীকার করে বলেন, খাবারের জন্য তাদের কোনও অর্থ দিতে হয়নি। এ ছাড়া ঘটনাস্থলে নজরুল হলের পাশাপাশি অন্যান্য হলের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

তবে বিরিয়ানি খাইয়ে ভোট চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন জিয়া উদ্দিন আয়ান। তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোগ নিয়ে খাবারের আয়োজন করেছেন। আমি শুধু জনসমাগম দেখে সেখানে গিয়ে ভোট চাই। খরচ কে দিয়েছে সেটা আমি জানি না।