ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজলুল হক, শহীদুল্লাহ হল, শামসুন নাহার হলে ইসলামী ছাত্রশিবিরের ভিপি ও জিএস প্রার্থী নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। তাদের ধারেকাছেও নেই ছাত্রদল মনোনীত ভিপি-জিএস প্রার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসব হলের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ফজলুল হক হলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিম কায়েম) পেয়েছেন ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট।
আলোচিত প্রার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আবদুল কাদের ৪৭ ভোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা ১৫৩ ভোট, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট ও সমন্বিত শিক্ষার্থী সংসদের জামালুদ্দীন খালিদ ২২ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ ৫৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন। অন্যান্যদের মধ্যে, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৩৮১ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দীন খান ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর হাদী আল মায়েদ ১৮৮ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আশরেফা খাতুন ৩৫ ভোট, স্বতন্ত্র তাহমিদ আল মুদাসসির ১২১ ভোট পেয়েছেন।
শহীদুল্লাহ হলেও এগিয়ে মো. আবু সাদিক (সাদিম কায়েম)। তিনি পেয়েছেন ৯৬৬ ভোট। এই কেন্দ্রে মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট।
আলোচিত প্রার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আবদুল কাদের ৫৬ ভোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা ১৪০ ভোট ও শামীম হোসেন পেয়েছেন ১৬১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ ৭৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন ২৪৯ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ২৪১ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দীন খান ৮৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর হাদী আল মায়েদ ১৭৯ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আশরেফা খাতুন ২১ ভোট ও স্বতন্ত্র তাহমিদ আল মুদাসসির ১২৯ ভোট পেয়েছেন।
শামসুন নাহার হলের কেন্দ্রে ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিম কায়েম) এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ। এই হলে সাদিক কায়েম পেয়েছেন ১১৬৪ ভোট এবং জিএস প্রার্থী ফরহাদ পেয়েছেন ৮১৪ ভোট।
অন্যদের মধ্যে ছাত্রদলের মো. আবিদুল ইসলাম খান ৪৩৪, আবদুল কাদের ৫৯ ভোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মেঘমল্লার বসু ৫১৭ ভোট পেয়েছেন। অন্যদের মধ্যে আবু বাকের মজুমদার পেয়েছেন ৩১২ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দীন খান পেয়েছেন ৯০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর হাদী আল মায়েদ পেয়েছেন ৩৩৬ ভোট।
অন্যদিকে, জগন্নাথ হলে এগিয়ে আছে ছাত্রদল। এই হলে ভরাডুবি হয়েছে ছাত্রশিবিরের প্রার্থীদের। ছাত্রশিবিরের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম এই কেন্দ্রে পেয়েছেন মাত্র ১০ ভোট। অন্যদিকে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১২৭৬ ভোট।
এই পদে অন্যান্যদের মধ্যে উমামা ফাতেমা ২৭৮ এবং আবদুল কাদের ২১ ভোট পেয়েছেন।
জিএস পদে মেঘমল্লার বসু ১১৭০ ভোট পেয়েছেন। এ ছাড়াও তানভীর বারী হামিম ৩৯৮ ভোট ও ছাত্রশিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ৫ ভোট।
এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ১১০৭ ভোট । এ ছাড়া ছাত্রশিবিরের মহিউদ্দিন খান ৭ ভোট পেয়েছেন।