জাকসু নির্বাচন বর্জনের পর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ক্যাম্পাসে এ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা।

মিছিলটি ক্যাম্পাসের নতুন কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা, ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’সহ নানা স্লোগান দেন। ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা মিছিলে অংশ নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা জানান, ১২ হাজার ভোটারের বিপরীতে ১৫ থেকে ১৭ হাজার ব্যালট ছাপানো হয়। এক জামায়াত নেতা এই কাজ করেছেন। অতিরিক্ত ব্যালট ছাত্রশিবির ও ছাত্রী সংস্থাকে পোলিং এজেন্টের মাধ্যমে সরবরাহ করা হয়। ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা এই ব্যালটে কারচুপি করেছে।

তিনি আরও জানান, দুই ঘণ্টা ধরে আমাদের পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। নারী হলে কোন পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। জাহানারা ইমাম হল, ফজিলাতুন্নেসা হল, রোকেয়া হল, কবি নজরুল হলে মব সৃষ্টি করে পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়। যার পেছনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের একটি গোষ্ঠীর শিক্ষকরা। এসব অনিয়মের কারণে নির্বাচন বর্জন করেছি আমরা।

প্রসঙ্গত, এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯। নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত ৮টি প্যানেল অংশগ্রহণ করে। তবে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলসহ বামপন্থি সমর্থিত পাঁচটি প্যানেল।