জবিতে রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অপরাহ্ন অনুষ্ঠিত 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অপরাহ্ন আয়োজন করেছে সমাজবিজ্ঞান বিভাগ ডিবেটিং ক্লাব। বিতর্কের মূল বিষয়বস্তু ছিল ‘লেখকদের প্রেম’। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় সমাজবিজ্ঞান বিভাগের ৩০১ নম্বর রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জানা যায়, রম্য বিতর্ক প্রতিযোগিতায় কেউ রবীন্দ্রনাথ ঠাকুর,  কেউ সুকান্ত ভট্টাচার্য, কেউ হুমায়ুন আহমেদের প্রেমকে বিতর্কের মাধ্যমে তুলে ধরেন। 

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ফেরদৌস হোসেন বলেন, “বিতর্ক করলে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে। এ সকল প্রতিযোগিতা জ্ঞানকে বৃদ্ধি করে।”  

ডিবেটিং ক্লাবের সভাপতি ও আহ্বায়ক রুকাইয়া মিজান মিমি বলেন, “আজকে আমি সবচেয়ে খুশি হয়েছি অনেক বির্তাকিক দেখে। আমি এ বিতর্কে প্রতিযোগিতায় অনেক খুশি হয়েছি।” 

প্রধান অতিথির বক্তব্যে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান বলেন, “আমি বিতর্ক অনেক পছন্দ করি। যারা বিতর্ক করে তারা অত্যন্ত মেধাবী বলে আমরা জানি। এ সকল কর্মসূচি মোধাকে উন্নত করবে বলে আশা করছি। তোমরা এসব ক্লাবকে আরও অ্যাকটিভ রাখো এবং এগিয়ে যাও। তোমাদের হাতেই তৈরি হবে আমাদের নতুন বাংলাদেশ।” 

নাঈম আব্দুল্লাহ সাধারণ সম্পাদক সঞ্চালনায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান, প্রফেসর ড. আশেক মাহমুদ, আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন রুকাইয়া মিজান মিমি। 

এছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ফেরদৌস হোসেন।