বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের যৌথ উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শোভাযাত্রাটি বের করা হয়। পরে রাজু ভাস্কর্য, টিএসসি, জগন্নাথ হলসহ বিভিন্ন এরিয়া প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা উদ্বোধন করেন। এ সময় তিনি বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান এবং মহামতি বুদ্ধের অহিংসা, মৈত্রী ও করুণার বাণী সমাজের সর্বত্র অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের পরিচালক অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া। এ ছাড়া পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়া ধন্যবাদ জ্ঞাপন করেন।
শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।