শিবির নেতার ‘গুম নাটকের’ প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রশিবির কর্তৃক মিথ্যা গুম ও অপহরণের নাটক সাজিয়ে সংঘবদ্ধভাবে সরকারকে দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১৪ জুন) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের পুরাতন প্রশাসনিক ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনের সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’, ‘মুনাফেকি আর ভণ্ডামি, শিবিরের মূলনীতি’, ‘ধর্ষণ করে গুমের নাটক, চলবে না চলবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জাবি শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আপনারা জানেন, কয়েকদিন আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-আন্তার্জাতিক সম্পাদক জিসানকে দেখলাম গুম হয়ে গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী যখন তাকে আটক করলো, তখন তাদের ষড়যন্ত্র সম্পর্কে তথ্য উদ্ধার করা হয়েছে। মিথ্যা গুমের নাটকের মাধ্যমে প্রকৃত গুমের শিকার ভুক্তভোগীদের অবমাননা করা হয়েছে। অথচ, এই শিবির নেতা একজন নারীকে ধর্ষণ করে এবং ভ্রুণ হত্যার মতো ঘটনা ঘটিয়ে গুমের নাটক করেছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সরকারকে দোষারোপ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জামায়াত-শিবিরকে বলবো আপনারা বটবাহিনীর প্রোপাগাণ্ডামূলক রাজনীতি পরিহার করে সুষ্ঠু রাজনীতি করুন। অন্যথায় ছাত্রদল আপনাদের প্রতিহত করবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।’

বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাকর্মীরা উত্থাপিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার দাবি জানান।