হামলায় আহতদের দেখতে গিয়ে হাসপাতালে ‘অবরুদ্ধ’ জবি শিক্ষক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও জকসু প্রতিনিধিদের দেখতে গিয়ে রাজধানীর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে অবরুদ্ধ হওয়ার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শিক্ষার্থীদের দেখতে এসে সরকারি দলের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ন্যাশনাল হাসপাতালের কিচেনে অবরুদ্ধ অবস্থায় আছি। মাননীয় সরকারকে উদ্ধার করার জন্য অনুরোধ করছি।”

জানা গেছে, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত জকসুর নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীদের একটি অংশ ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের খোঁজখবর নিতে সেখানে যান অধ্যাপক বেলাল হোসেন।

হাসপাতালে যাওয়ার পর তিনি ধাওয়ার মুখে পড়ে অবরুদ্ধ অবস্থায় থাকার দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষের পর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও হামলা ও পাল্টা উত্তেজনার ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে ক্যাম্পাস ও হাসপাতালে সংঘটিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।