ঢাবি অধ্যাপক কাবেরী গায়েনকে ‘হয়রানি’র প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েনকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল নাগরিক সমাজ।

রবিবার (১৫ আগস্ট) বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘বিশ্ববিদ্যালয় প্রতিহিংসাপরায়ণতার স্থান নয়’ শীর্ষক আহ্বানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দেসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক কাবেরী গায়েনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করে এসব অভিযোগ সামনে আনা হয়েছে বলেও দাবি করেন তারা।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় কোনও ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা হতে পারে না। এটি মুক্তবুদ্ধির চর্চা, মতপ্রকাশ ও ন্যায়বিচারের নিরাপদ পরিসর হিসেবে গড়ে উঠতে হবে।

বক্তারা অধ্যাপক কাবেরী গায়েনের বিরুদ্ধে আনা অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে অভিযোগের তদন্ত হলে তা স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় করার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, তদন্তের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রগতিশীল ছাত্র, যুব ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।