জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলুকান্দা স্ট্যান্ড বাজার পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং একই এলাকার আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামার পর আর উঠতে পারেননি। পরে জনসাধারণ পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয় বলে জানা যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই রেজাউল করিম জানান, বিকেল ৫টার দিকে স্থানীয় জনসাধারণ তাদের উদ্ধার করে। মরদেহগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, এ ঘটনার পর দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে জনসাধারণের গোসল এবং ঘাট ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশে বিনা অনুমতিতে পুকুরে গোসল কিংবা ঘাটে প্রবেশ ও অবস্থান করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।