র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশেন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’ প্রকাশ করেছে। এ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ ও ২০২৫ সালেও টিএইচই র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক এই র‌্যাঙ্কিং অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা ও গবেষণার সম্প্রসারণ এবং মান বৃদ্ধির লক্ষ্যে গবেষণাখাতে ও আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বাড়িয়েছে। গবেষণাখাতে এই প্রণোদনা অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য।

বুধবার টাইমস হায়ার এডুকেশেনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ভিত্তিতে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করা হয়েছে।

বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি ও আন্তর্জাতিক সম্ভাবনা—এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং করে থাকে।

র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, তালিকায় ৮০১ থেকে ১০০০ র‍্যাঙ্কের মধ্যে যৌথভাবে শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। অ্যালফাবেটিক্যাল ক্রম অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে শীর্ষে রাখা হয়েছে।

এতে ১০০১ থেকে ১২০০ র‍্যাঙ্কে রয়েছে যথাক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি (ব্র্যাক), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

১২০১ থেকে ১৪০০ র‍্যাঙ্কে বর্ণমালার ক্রমানুসারে যৌথভাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) নাম রয়েছে।

১৪০১ থেকে ১৬০০ র‍্যাঙ্কে বর্ণমালার ক্রমানুসারে যৌথভাবে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

এ ছাড়া ১৮০১-২০০০ র‍্যাঙ্কে আছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।

অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে অংশ নিলেও মূল র‍্যাঙ্ক অর্জনের প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় তালিকায় জায়গা পায়নি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি)।