হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ জাতীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গত ৬ ও ৭ নভেম্বর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও আইইউবির যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট দলে ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী মো. গাজী মুজিরু, নাফিসা তাবাসসুম ও মোহাম্মদ ইবনে আলম।

প্রতিযোগিতার মৌখিক পর্বে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬টি দল অংশ নেয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলটি আইনি যুক্তি উপস্থাপন, বিচারিক বিশ্লেষণ ও দলীয় সমন্বয়ে দক্ষতার পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ সাফল্যের জন্য দলটিকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে হংকংয়ে অনুষ্ঠেয় প্রতিযোগিতার এশিয়া-প্যাসিফিক পর্বেও দলটির সাফল্য কামনা করেন।