ইউজিসির সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে, ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নেবে ঢাবি

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ইউজিসির এ সিদ্ধান্তের পরও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

সোমবার (৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, পূর্বনির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিট, ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।

সোমবার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, আগামী জানুয়ারি ২০২৭ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এসব ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের পাশাপাশি পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, সেগুলোকে জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে কমিশন।

তবে ইউজিসির এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অংশ নেননি। ইউজিসির সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় পূর্বঘোষিত সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।