ঢাবির ১১ শিক্ষার্থী পেলেন অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ১১ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে বক্তব্য দেন সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা। অধ্যাপক সিতারা পারভীনের জীবনী তুলে ধরেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন সৎ, আন্তরিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে। একইসঙ্গে তাদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে সহায়তা করবে।

উপাচার্য আরও বলেন, প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করে একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

পুরস্কারপ্রাপ্ত ১১ শিক্ষার্থী হলেন– তাশাহুদ আহমেদ রাফিম, অর্জিতা সূত্রধর, মো. আকতারুল ইসলাম, মো. তাহমিদুল আলম, নওশীন মুশতারী, সাদিয়া পারভীন অর্পা, সাদিয়া রহমান, সানজানা জেবিন ছোঁয়া, মো. ফাহিম হাসান মাহদী, অনুস্কা ব্যানার্জী ও আলী হাসান ওয়াহিদ।

উল্লেখ্য, অধ্যাপক সিতারা পারভীন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা। তিনি একই বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তার স্মৃতি ও অবদানকে স্মরণীয় করে রাখতে এ পুরস্কার চালু করা হয়।