নীলাচলের ৬ বাস আটকে দিলেন ইডেন শিক্ষার্থীরা 

স্টুডেন্ট ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহনের চালক ও হেলপা‌রের বিরু‌দ্ধে। এর প্রতিবা‌দে প‌রিবহ‌নের ৬টি বাস আটক করেছেন কলেজটির শিক্ষার্থীরা। শনিবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, শুক্রবার সকালে নীলাচল পরিবহনের একটি বাসে যাতায়াতের সময় স্টুডেন্ট ভাড়া দিতে চাইলে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বাসটির হেলপার। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

এর প্রতিবাদে সকালে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলাচল পরিবহনের ছয়টি বাস আটক করেন। এ সময় তারা শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের এমন আচরণের প্রতিবাদ জানান।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমার সঙ্গে স্টুডেন্টভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসের হেল্পার এতো খারাপ ব্যবহার করে যে, আমি পুরো রাস্তাই কান্না করতে করতে পার করেছি।

এ ঘটনায় শিক্ষার্থীরা অভিযুক্ত হেলপারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণের পুনরাবৃত্তি রোধের দাবি জানান।

এ বিষ‌য়ে লালবাগ থানার ও‌সি মো. জা‌মিল হো‌সেন ব‌লেন, বিষয়‌টি জানার পর ক‌লে‌জে গি‌য়ে শিক্ষার্থী ও অ‌ভিযুক্ত প‌রিবহ‌নের হেলপার ও মা‌লি‌কের স‌ঙ্গে কথা ব‌লে‌ছি। বাস মা‌লিক এ ঘটনায় ক্ষমা চে‌য়ে‌ছেন। ভ‌বিষ্যতে আর এমন হ‌বে না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন। শিক্ষার্থী‌দের স‌ঙ্গে কথা ব‌লে পরি‌স্থি‌তি স্বাভা‌বিক করার চেষ্টা চল‌ছে।