চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের জন্য চালু হওয়া বৈদ্যুতিক শাটল সেবা নিয়ে ভাড়া, নির্ধারিত রুট, বহিরাগত যাত্রী ওঠানো এবং গাড়ি ছাড়ার সময় নিয়ে নানা অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত স্টপেজে শাটল না থামানো, অতিরিক্ত ভাড়া আদায় এবং বহিরাগত যাত্রী ওঠানোর কারণে তারা নিয়মিত ভোগান্তিতে পড়ছেন। অন্যদিকে শাটল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বলছে, গাড়ির সংখ্যা ও প্রকল্পের অর্থনৈতিক কাঠামোর সীমাবদ্ধতার কারণে চাহিদা অনুযায়ী সেবা দেওয়া কঠিন হচ্ছে।

২০২৫ সালের মে মাসে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে চারটি বৈদ্যুতিক শাটল দিয়ে এ সেবা চালু হয়। বর্তমানে শাটলের সংখ্যা ২২টি। তবে সম্প্রতি সাতটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় ১৫টি সচল রয়েছে বলে জানিয়েছেন শাটলসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বহিরাগত ওঠা নিষেধ, তবু উঠছেন

বর্তমানে প্রতিটি শাটলে লেখা রয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবহন, বহিরাগত ওঠা নিষেধ’। কিন্তু বাস্তবে এ নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাদের ভাষ্য, বিভিন্ন সময় অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অন্যান্য বহিরাগত ব্যক্তিদের শাটলে উঠতে দেখা যায়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসন না পেয়ে অপেক্ষা করতে বাধ্য হন।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আবু হানিফ বলেন, সম্প্রতি একদিন সকালে ভিসি চত্বরে মৈত্রী হলগামী যাত্রীভর্তি একটি শাটলে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে চার-পাঁচজন বহিরাগত শিক্ষার্থীকে নামিয়ে দেওয়া হয়। তারা অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী এবং নিয়মিত শাটলে যাতায়াত করেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে গ্রিন ফিউচার ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, ভিসি চত্বরে শাটল অনেক সময় থামে না। এ সমস্যা সমাধানে সেখানে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট স্টপেজ করা হয়েছে। ওই রুটের সব শাটলকে আসন ফাঁকা না থাকলেও সেখানে থামার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শাটল থামার পর শিক্ষার্থীদের বহিরাগত যাত্রী শনাক্ত করে নামিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

হলপাড়ার স্টপেজে শাটল না আসার অভিযোগ


শিক্ষার্থীদের অভিযোগ, সূর্যসেন হলসহ হলপাড়ার স্টপেজগুলোতে বেশির ভাগ সময় শাটল আসে না। এতে এসব এলাকার শিক্ষার্থীদের টিএসসি, নীলক্ষেতসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যেতে ভোগান্তিতে পড়তে হয়।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ও সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী রায়হান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায়ই টিএসসি ও নীলক্ষেতে নানা কাজে যেতে হয়। তবে শাটল সাধারণত পাই না, এদিকটায় কম আসে শাটল।’

ঢাবির শাটল সেবা

বিষয়টি যাচাইয়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। তাদের ভাষ্য, নীলক্ষেত থেকে টিএসসিতে যাওয়ার পথে, বিশেষ করে মেট্রোরেলে ওঠার জন্য অনেক বহিরাগত শাটলে ওঠেন। এতে নীলক্ষেত থেকেই অনেক সময় গাড়ি যাত্রীতে পূর্ণ হয়ে যায়। ফলে চালকেরা হলপাড়ার স্টপেজে না এসে সরাসরি টিএসসির দিকে চলে যান।

অন্যদিকে টিএসসি থেকে নীলক্ষেত কিংবা মৈত্রী হলগামী শাটল হলপাড়ায় না এসে ভিসি চত্বর থেকে সরাসরি নীলক্ষেত বা মৈত্রী হলের দিকে চলে যায় বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী।

হলপাড়ায় শাটল না আসার কারণ জানতে চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, নীলক্ষেত থেকে অনেক সময় গাড়ি যাত্রীতে পূর্ণ হয়ে যায়। তখন হলপাড়ায় এসে নতুন যাত্রী ওঠানোর সুযোগ থাকে না। এ কারণে তাঁরা ওই রুট এড়িয়ে সরাসরি ভিসি চত্বর হয়ে টিএসসির দিকে চলে যান। এ ছাড়া হলপাড়ায় যেতে হলে গাড়িকে অতিরিক্ত পথ ঘুরতে হয়। ফলে যাত্রীপূর্ণ গাড়ি নিয়ে সরাসরি টিএসসির দিকে যাওয়াকে চালকেরা তুলনামূলক সুবিধাজনক মনে করেন।

যাত্রী পূর্ণ না হওয়া পর্যন্ত গাড়ি ছাড়ে না

শাটল ছাড়ার সময় নিয়েও অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। তাদের কয়েকজনের দাবি, শহীদুল্লাহ হলের পুকুরপাড় থেকে যাত্রী পূর্ণ না হওয়া পর্যন্ত শাটল ছাড়া হয় না। ফলে কার্জন হলের গেট, মোকাররম ও শহীদ মিনার এলাকায় অপেক্ষমাণ শিক্ষার্থীদের পরবর্তী গাড়ির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অপেক্ষার পরও আসন ফাঁকা না থাকায় অনেক সময় তারা শাটলে উঠতে পারেন না।

একই ধরনের অভিযোগ রয়েছে নীলক্ষেতের গণতন্ত্র তোরণের নিচে দাঁড়িয়ে থাকা শাটলগুলোর বিরুদ্ধেও। শিক্ষার্থীদের অভিযোগ, যাত্রী পূর্ণ না হলে সেখান থেকেও গাড়ি ছাড়া হয় না। ফলে ভিসি চত্বরে অপেক্ষমাণ শিক্ষার্থীরা অধিকাংশ সময় আসন ফাঁকা থাকা শাটল পান না।

শিক্ষার্থী মাহবুব আশিকের দাবি, গত দুই মাস ধরে তিনি বিষয়টি লক্ষ্য করছেন। তার ভাষ্য, কখনও দুই-তিনটি শাটল একসঙ্গে দাঁড়িয়ে থাকলেও যাত্রী পূর্ণ না হওয়া পর্যন্ত গাড়ি ছাড়তে দেখা যায় না। ফলে দীর্ঘ সময় অপেক্ষার পরও গাড়িতে জায়গা না পেয়ে কেউ কেউ রিকশায় চলে যেতে বাধ্য হন।

শিক্ষার্থীদের জন্য ‘সাশ্রয়ী’ ভাড়ার দাবি

ক্যাম্পাসের অভ্যন্তরে শাটলের ভাড়া ৫ থেকে ১৫ টাকা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। তাদের যুক্তি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক এবং প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী এ সেবা ব্যবহার করেন। তাই তাদের জন্য পরিবহনটি আরও সাশ্রয়ী হওয়া উচিত।

শাটল পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, প্রতিদিন গাড়ি চালানোর পর চালকদের ৩ হাজার ৫০০ টাকা জমা দিতে হয়। এই অর্থ জমা দেওয়ার পাশাপাশি নিজেদের আয়ও নিশ্চিত করতে হয় তাদের। ফলে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্ভর করে নির্ধারিত অর্থ জমা দেওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে শিক্ষার্থী নাকি বহিরাগত, তা যাচাই না করেই যাত্রী ওঠানো হয়। বহিরাগত যাত্রীদের কাছ থেকেও ভাড়া পাওয়া যায়। এতে চালকদের আয় বাড়ে এবং নির্ধারিত অর্থ জমা দেওয়া সহজ হয়।

সংশ্লিষ্ট সূত্রটির ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার নিউমার্কেট বন্ধ থাকায় সেদিন বহিরাগত যাত্রীর সংখ্যা তুলনামূলক কম থাকে। ফলে ওই দিন শাটলচালকদের আয়ও কমে যায়। এ ছাড়া প্রতিদিন রাত ৯টার দিকে শাটলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে রাখার পর নির্ধারিত অর্থ সংগ্রহ করা হয় বলে জানা গেছে। শাটল পরিচালনা ও গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা একজন শিক্ষার্থী চালকদের কাছ থেকে এ অর্থ সংগ্রহ করেন বলে সূত্রটি জানিয়েছে।

গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খালিদ হাসান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের শাটল সার্ভিস রয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে গাড়ির সংকট রয়েছে। বিশেষ করে হলপাড়া থেকে সামাজিক বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী গাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না।’

চালকদের দৈনিক ৩ হাজার ৫০০ টাকা জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ড্রাইভাররা যে ৩ হাজার ৫০০ টাকা জমা দেয়—এটি পুরোপুরি সঠিক নয় এবং এটিকে শুধু একটি নির্দিষ্ট জমা হিসেবে দেখলে বিষয়টি পরিষ্কার হবে না। এই অর্থের মধ্যে ড্রাইভার কল্যাণ ট্রাস্ট, বিমা, বিদ্যুৎ বিল, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং গাড়ির দায় পরিশোধের মতো বিভিন্ন খরচ রয়েছে। আমাদের প্রকল্পের মূল ধারণাই হচ্ছে ‘আয়ের মাধ্যমে দায় শোধ’। কোনো গাড়ি যদি কল্যাণমূলক উদ্দেশ্যে দেওয়া হয়, তাহলে গাড়ি কেনার যে দায় বা খরচ রয়েছে, সেটি প্রকল্পের আয় থেকে পরিশোধ করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের কম খরচে যাতায়াতের সুযোগ দেওয়া এবং একই সঙ্গে প্রকল্পটিকে টেকসই রাখা। একটি প্রকল্প যদি নিজের খরচ বহন করতে না পারে, তাহলে সেটি দীর্ঘমেয়াদে টিকবে না। তাই শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে কি না, সেটি আমাদের প্রথম বিবেচনা। একই সঙ্গে প্রকল্পটি যাতে টেকসইভাবে চলতে পারে, সেই অর্থনৈতিক বিষয়টিও দেখতে হয়।’

শিক্ষার্থীদের জন্য শাটলকে অলাভজনক সেবা হিসেবে দেখার বিষয়ে ফাউন্ডেশনের সিইও বলেন, ‘ফাউন্ডেশনটি অবশ্যই নন-প্রফিটেবল প্রতিষ্ঠান। এর অর্থ এই নয় যে এখানে কোনো আয় হতে পারবে না। আমরা যে মডেলে কাজ করছি, সেটি হলো আয়ের মাধ্যমে দায় শোধ এবং পরে উদ্বৃত্ত অর্থ পুনরায় কল্যাণমূলক কাজে ব্যবহার করা। কোনো কার্যক্রম থেকে খরচ বাদ দেওয়ার পর কিছু উদ্বৃত্ত থাকলে সেটি ব্যক্তিগত মুনাফা হিসেবে নেওয়া নয়; বরং আবার কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।’

ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মৈত্রী হল বা সমাজকল্যাণ ইনস্টিটিউট থেকে টিএসসি, কার্জন হলে বা চারুকলায় যেতে একজন শিক্ষার্থীর রিকশায় অনেক বেশি টাকা লাগে। সেখানে শাটলে ১০ বা ২০ টাকায় যাতায়াত করা সম্ভব হচ্ছে। যেমন মৈত্রী হল থেকে টিএসসি পর্যন্ত ১০ টাকা এবং এরপর চারুকলা পর্যন্ত ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে যাতায়াত করতে পারছেন।’

অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভাড়া বেশি নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডেল আর চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মডেল এক নয়। প্রতিটি জায়গার অর্থনৈতিক কাঠামো আলাদা। কোনো সার্ভিসের অর্থনৈতিক মডেল যদি টেকসই না হয়, তাহলে প্রকল্পটি দীর্ঘমেয়াদে চলবে না। তাই ভাড়া নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধার পাশাপাশি প্রকল্পের টিকে থাকার বিষয়টিও বিবেচনা করতে হয়।’

চুক্তি ও পরিচালনব্যবস্থা পর্যালোচনায় কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সঙ্গে শাটল পরিচালনার যে চুক্তি রয়েছে, সেটি পুনর্বিবেচনার জন্য ইতোমধ্যে একটি কমিটি কাজ করছে। শাটল কীভাবে পরিচালিত হবে, সেখানে যৌক্তিক বা অযৌক্তিক বিষয়গুলো কী—এসব খতিয়ে দেখা হচ্ছে। আমি গ্রিন ফিউচার ফাউন্ডেশনকেও বিষয়টি তদারকির আওতায় আনার কথা বলেছি। তারা যদি একজন চালকের কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা নিয়ে থাকে, তাহলে কেন নিচ্ছে এবং সেই অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, সেসব বিষয়ও আমরা খতিয়ে দেখছি।’

তিনি বলেন, ‘শাটল সেবায় সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়াই সমাধান নয়। বরং সুবিধাটি কীভাবে আরও বাড়ানো যায় এবং একই সঙ্গে এর পরিচালনাকে কীভাবে যৌক্তিক পর্যায়ে আনা যায়, সেটি দেখতে হবে।’

শাটলের অর্থনৈতিক কাঠামো নিয়ে প্রক্টর বলেন, ‘আমি যতটুকু জানি, গ্রিন ফিউচার ফাউন্ডেশনকে গাড়ি ক্রয়ের জন্য ব্যক্তি পর্যায় থেকে অর্থ দেওয়া হয়েছে। সেই অর্থ বিনা সুদে দেওয়া হয়ে থাকলে সেটিও পরিশোধ করতে হবে। একটি ফাউন্ডেশন অলাভজনক হলেই যে কোনো অর্থের প্রয়োজন হবে না, বিষয়টি এমন নয়। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠনকেও বিভিন্ন উৎস থেকে স্পনসর নিতে হয়। তবে ৩ হাজার ৫০০ টাকা নেওয়া কতটা যৌক্তিক, কীভাবে সেটিকে যৌক্তিক পর্যায়ে আনা যায়—এসব খতিয়ে দেখার জন্য উপাচার্যের নেতৃত্বে কমিটি কাজ করছে।’

বহিরাগত যাত্রী নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, ‘আমরা যদি পুরো ক্যাম্পাসের যানবাহন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারতাম, তাহলে বাইরের যাত্রী এখানে আসত না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চারপাশের বড় সড়কগুলোর একটি বড় অংশ সিটি করপোরেশনের আওতাধীন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরা চাইলেই সব গেট ও যানবাহন নিয়ন্ত্রণ করতে পারি না। এ কারণে বিষয়টি নিয়ন্ত্রণে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘ক্যাম্পাস শাটলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রিন ক্যাম্পাসের অধীনে চালু করা হয়েছিল।’

তিনি বলেন, ‘শাটল পরিচালনায় ক্যাম্পাসের বিদ্যুৎ ব্যবহারসহ কিছু বিষয়ে নিয়ম ভঙ্গ করা হয়েছিল। এরপর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত হয়েছে, যেহেতু এটি শিক্ষার্থীদের কল্যাণের জন্য চালু করা হয়েছে, তাই শাটল সার্ভিস চালু থাকবে। এটি কীভাবে আরও কার্যকর করা বা সংশোধন করা যায়, সে বিষয়ে একটি কমিটি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কমিটিগুলো আগের প্রশাসনের সময় তৈরি হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার সময় এসব বিষয়ে ছিলাম না। তবে বিষয়টি নিয়ে আমি খোঁজ নেব এবং বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’