ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে স্থাপিত কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছে ডাকসু।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এর এক দিন আগে বৃহস্পতিবার বিকেলে পাঁচটি কম্পিউটার দিয়ে ল্যাবটি উদ্বোধন করা হয়েছিল।
ডাকসু নেতৃবৃন্দ জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে এসএম হলে ল্যাবটি চালু করা হয়। কক্ষটি তুলনামূলক ছোট হওয়ায় প্রাথমিকভাবে পাঁচটি কম্পিউটার দিয়ে ল্যাবের কার্যক্রম শুরু করা হয়েছিল। তবে উদ্বোধনের একদিন পরই নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা সব হলেই কম্পিউটার ল্যাব করছি। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকালে পাঁচটি কম্পিউটার দিয়ে এসএম হলে ল্যাবটি উদ্বোধন করা হয়। শুক্রবার রাতের অন্ধকারে এর নামফলক ভেঙে ফেলা হয়েছে।’
ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে তিনি বলেন, ‘আমরা মনে করছি, এটি ছাত্রদলের কাজ। কারণ এর আগেও তারা ডাকসুর বিভিন্ন কাজের নামফলক ভেঙে ফেলেছে এবং আমাদের নানা কাজে বাধা সৃষ্টি করেছে। রাতের অন্ধকারে কোনও সাধারণ শিক্ষার্থী এ কাজ করেনি। শিক্ষার্থীদের জন্য করা একটি কাজকে সাধুবাদ জানাতে না পেরে এভাবে রাতের অন্ধকারে ভেঙে ফেলা অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে জানতে চাইলে সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সদস্যসচিব সৈয়দ ইয়ানাত ইসলাম বলেন, ‘বিষয়টি আজ সকালে হলের গ্রুপে দেখেছি। এরপর হল ছাত্রদলের নেতাকর্মীদের কাছে জানতে চেয়েছি, আসলে কী ঘটেছে। পরে জানতে পারি, সেখানে থাকা নামফলকটি ভাঙচুর করা হয়েছে। বিষয়টি জানার পর হল প্রশাসনের কাছে জানতে চেয়েছি, তারা এ বিষয়ে কিছু জানে কি না।’
তিনি আরও বলেন, ‘হল প্রশাসন থেকে আমাকে জানানো হয়েছে, ডাকসু কিংবা হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ধরনের কোনও নামফলক লাগানোর বিষয়ে তারা অবগতই নয়।’
ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কিছুক্ষণ পর দেখলাম, ছাত্রশিবির ও ডাকসুর পক্ষ থেকে ঢালাওভাবে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। অথচ তাদের কাছে কোনও প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কীভাবে তারা আমাদের দোষী সাব্যস্ত করছে?’
তিনি আরও বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে এসএম হল থেকে ছাত্রলীগের ৪ জনকে চিহ্নিত করে বের করে দিয়েছি। সেই ঘটনার প্রতিক্রিয়া হিসেবেও এমন কিছু ছাত্রলীগ করে থাকতে পারে।’
এ বিষয়ে এসএম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম জানান, হলের এক শিক্ষার্থী শাহিন তাকে ফোন করে নামফলক ভাঙচুরের বিষয়টি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি তিনি।
ভাঙচুরের ঘটনায় কোনও রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে কি না জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়েও এখনই কিছু বলতে পারছেন না বলে জানান তিনি।