নিরাপদ ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের ৪৭ প্রস্তাব, পুরস্কার পেলো ১১টি

লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানিমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ৪৭টি প্রস্তাব জমা পড়েছে। এসব প্রস্তাবের মধ্য থেকে ১১টি ধারণাকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে শুধু প্রাতিষ্ঠানিক কাঠামো যথেষ্ট নয়। প্রয়োজন বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ এবং ক্যাম্পাসের সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

উপাচার্য বলেন, যৌন হয়রানি প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় অভিযোগ সেল রয়েছে। নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা প্রয়োজন। এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, শিক্ষার্থীরা নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে এবং কেউ বৈষম্য, হয়রানি বা সহিংসতার শিকার হবে না।

তিনি আরও বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানির সম্ভাব্য সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ও উদ্যোগ গুরুত্বপূর্ণ।

‘রেসপেক্ট অ্যান্ড রেসপনসিবিলিটি: স্টুডেন্ট-লেড সলিউশনস ফর সেফার অ্যান্ড ভায়োলেন্স-ফ্রি ক্যাম্পাসেস’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ মাহিন নেওয়াজ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন তাসমিয়া আলম সুপ্তি, বাঁধন সাহা, সুচিতা আহমেদ রাভি, ফারজানা রাহমেদ শুচি, সাবরিনা রহমান সিম্মি, সাজিদা জামান তানহা, উজমা ফারিয়া মুন, শাবনাজ জামান, জুনায়েদ শাকিল, তাসিন মিথ ও কাজী শামসুজ্জামান।

উল্লেখ্য, লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এর অংশ হিসেবে এ আলোচনা অনুষ্ঠান ও আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।