গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের হাতের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই গ্রামের ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী পাঁচ বছরের অপারেশনাল প্ল্যান-এ কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কার্যক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) এক প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের সাফল্য সারা বিশ্বে উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে। আগামীতে এই প্রকল্প আরও জোরালোভাবে অব্যাহত রাখতে সরকার সচেষ্ট।
কোনও মহলের প্ররোচনায় বিভ্রান্তিতে না পড়তে সিএইচসিপিদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সিএইচসিপিদের চাকরি অব্যাহত থাকবে। তাদের নিষ্ঠা ও শ্রমের ফলে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম সাফল্য পেয়েছে। তাদের চাকরি জাতীয়করণের বিষয়টি সরকার আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে বলে মন্ত্রী প্রতিনিধিদলকে জানান।
গ্রামের মানুষের চিকিৎসা ব্যাহত হতে পারে এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকার জন্য সিএইচসিপিদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ক্লিনিকের কাজ বন্ধ করে সেবায় ব্যাঘাত ঘটিয়ে হঠকারী কর্মসূচি চালানো সম্পূর্ণ অযৌক্তিক। কমিউনিটি ক্লিনিকের সাফল্য ম্লান হতে পারে এমন কোনও কর্মসূচি গ্রহণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। সিএইচসিপিদের প্রতি প্রধানমন্ত্রী ও সরকার সংবেদনশীল।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রধান সমন্বয়ক ডাঃ মাখদুমা নার্গিসসহ সারা দেশ থেকে আসা সিএইচসিপিদের দশজন প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
শফিক রেহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ
/জেএ/এফএস/