সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফের ৭ জওয়ান বরখাস্ত

বাংলাদেশ-ভারত সীমান্তের জীবননগরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় ৭ বিএসএফ জওয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় দূতাবাসের বিবৃতিতে বলা হয়, গত ১৪ মে ভারত-বাংলাদেশ সীমান্তে এক বাংলাদেশির মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি আরও সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ঘটনায় অভিযুক্ত ৭ বিএসএফ জওয়ানকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিএসএফ ৭ জওয়ানকে অধিকতর তদন্তের স্বার্থে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ-এর গুলিতে শিহাব (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত শিহাব একই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মাহবুবের ছেলে।

এ সংক্রান্ত খবর: চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বিবৃতিতে আরও বলা হয়, সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ‘কম্প্রিহেনসিভ বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান’ বাস্তবায়ন করতে ভারত সরকার সচেষ্ট।

বিবৃতিতে আরও জানানো হয়, শনিবার (১৪ মে) বাংলাদেশ-ভারত সীমান্তের মেঘালয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। রবিবার আইনি আনুষ্ঠানিকতা শেষে আটককৃতদের বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে তুলে হস্তান্তর করা হয়।

/এমও/এএ/