সংসদ সচিবালয়ের জন্য ২৯৫ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন

জাথীয় সংসদআসন্ন ২০১৬-১৭ অর্থ বছরে জাতীয় সংসদের জন্য ২৯৫ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। এই বাজেটের পরিমাণ চলতি ২০১৫-১৬ অর্থবছরের চেয়ে ৯১ কোটি ৪৮ লাখ টাকা বেশি। চলতি বছরে সংসদ সচিবালয়ের বরাদ্দ রয়েছে ২০৩ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকা।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ,অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। প্রধান হুইপ আ স ম ফিরোজ বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দেন।
অারও পড়তে পারেন:  মামলায় আসক্ত মাদক নিয়ন্ত্রণ অধিদফতর!
সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই বাজেটের আগে কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
কমিশন বৈঠক শেষে প্রধান হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন,সংসদের বরাদ্দের মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৪ কোটি ২১ লাখ টাকা এবং উন্নয়ন খাতে এক কোটি পাঁচ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।

এছাড়া কমিশন বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে অতিরিক্ত ৩৯ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান,৮ম জাতীয় বেতন স্কেলে বর্ধিত বেতন-ভাতার জন্য সংশোধিত বাজেট বরাদ্দ করা হয়।

বৈঠক শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন,কমিশন বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার তাগিদ দেন। আর সংসদ লাইব্রেরিকে অত্যাধুনিকভাবে সাজানোর জন্য স্থাপত্য অধিদফতরকে নির্দেশনা  দেওয়া হয়েছে।

 অারও পড়তে পারেন: 'অজ্ঞ শিক্ষার্থী' বনাম 'মূর্খ সাংবাদিক'

/ইএইচএস/এমএসএম /