স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দু’ভাগ করার সিদ্ধান্ত

বাংলাদেশ সরকারদু’ভাগে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ নাম দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দু’ভাগ করা হবে।বিষয়টি চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।কাজের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে চিঠিতে জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দু’বিভাগে ভাগ করার বিষয়টি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নিতে হবে। এছাড়া বিষয়টি অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত সব আনুষ্ঠানিকতাও সম্পন্ন করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবগঠিত দু’টি বিভাগের একটি হচ্ছে জননিরাপত্তা বিভাগ। এ বিভাগের অধীনে রাজনৈতিক ও আইসিটি, পুলিশ, আনসার ও সীমান্ত, আইন-শৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ রয়েছে। অপরটি হচ্ছে সুরক্ষা সেবা বিভাগ।এ বিভাগের অধীনে নিরাপত্তা ও এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার), অগ্নি ও মাদকদ্রব্য, আইন ও শৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ থাকবে।জননিরাপত্তা বিভাগে ১৬৩টি পদ এবং সুরক্ষা সেবা বিভাগে ২৪৩ পদ সৃষ্টি করা হয়েছে।বেশ কিছুদিন থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ দু’টি বিভাগ করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছিল। বিভাগ দু’টি গঠিত হলে দু’বিভাগে দু’জন সচিব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: এমপি মোস্তফিজুরের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির



জেইউ/এপিএইচ/