‘দেশে এইচআইভি সংক্রমণের হার শূন্য দশমিক এক ভাগেরও কম’

এইচআইভিবাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার শতকরা এক ভাগেরও নিচে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, তবে শহরাঞ্চলের কোনও-কোনও জায়গায় নেশাকারী কিছু ব্যক্তির মধ্যে বেশি মাত্রায় রয়েছে। শুক্রবার জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সভার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যসচিব বলেন, ৮ জুন শুরু হয়ে ১০ জুন এই সভার সমাপ্তি টানা হয় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০’-এর আওতায় এইচআইভি/এইডসকে ২০৩০ সালের মধ্যেই জনস্বাস্থ্য সমস্যার তালিকা-বিমুক্ত করা হবে’ এই প্রত্যয় নিয়ে। জাতিসংঘ  সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট মোগেনলাইকেটফট-এর আহ্‌বানে এই সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন।
সভায় তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বাস্থ্যসচিব। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলো থেকে এবং প্রবাসী জনগোষ্ঠীর মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকিও আছে বাংলাদেশ। তবে দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশ তথ্য-উপাত্ত ভিত্তিক পরিকল্পনা এবং কার্যক্রমের মাধ্যমে প্রতিরোধ, সেবা, চিকিৎসা এবং সহায়তামূলক সব কার্যক্রমের মাধ্যমে রোগটির প্রাদুর্ভাব বাড়তে দেয়নি।

স্বাস্থ্যসচিব তার বক্তব্যে বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্ব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা এবং দাতা সংস্থাসহ এনজিওদের সঙ্গে যৌথ অংশীদারিত্ব মূলক কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, এই উচ্চ পর্যায়ের সভার রাজনৈতিক ঘোষণার প্রতি তার সরকারসহ মতো পোষণ করলেও কতিপয় বিষয়ে বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং আইনি কাঠামোর নিরিখেই সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন হবে। তাই বাংলাদেশ সেই বিবেচনাতেই এইডস নিয়ন্ত্রণের কার্যক্রম ত্বরান্বিত করবে। তিনি আশাবাদ ব্যক্ত  করে বলেন, বাংলাদেশ অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে এইডসবিষয়ক এই বিশ্ব রাজনৈতিক ঘোষণার সম্মিলিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।

জাতিসংঘের এই সভায় অংশ নেন প্রায় ৬০০ প্রতিনিধি। এর মধ্যে ছিলেন ১০ জন সরকার প্রধান; ৬০-এর বেশি মন্ত্রী ও সরকারি প্রতিনিধি। এইচআইভি আক্রান্ত ব্যক্তিসহ আন্তর্জাতিক সংস্থা, এইচআইভি, নাগরিক অধিকার ও বেসরকারি সংস্থার  প্রতিনিধি ও বিজ্ঞানী গবেষক। সভায় ‘দ্রুত গতিতে এইডস নিয়ন্ত্রণের মাধ্যমে  বিশ্বকে ২০৩০ সালের মধ্যে এইডস মহামারি মুক্ত করা’র বিষয়ে সর্বসম্মত রাজনৈতিক ঘোষণার অনুমোদন দেওয়া করা হয়।

আরও পড়তে পারেন: বিএনপি নেতাদের কপালে জামায়াত নেতার চুম্বন

/জেএ/এমএনএইচ/