ঈদের দিন বাড়িতে জানিয়েছেন বাদশা ভারতে


র‌্যাবের তালিকায় ৫৮ নম্বরে বাদশা আলীর নামর‌্যাবের নিখোঁজ তালিকার আরেকজন বাদশা আলীর পরিবার জানিয়েছেন,পরিবারের সঙ্গে রাগ করে বাদশা বাড়ি ছেড়েছেন। ঈদের দিন তার সঙ্গে পরিবারের শেষ কথা হয়েছে। তিনি শিগগিরই বাড়ি ফিরে আসবেন, এ কথা বাদশা জানিয়েছেন তার ভাইকে।
তালিকার ৫৮ নম্বরে থাকা বাদশা আলী চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষার রাণীনগরের বাসিন্দা। তিনি বাড়ি থেকে চলে যাওয়ার পর গত ২২ এপ্রিল তার নামে শিবগঞ্জ থানায় একটি জিডি করে পরিবার (ডিজি নম্বর ১২২৪) ।পেশায় রাজমিস্ত্রি বাদশা ৫ম শ্রেণি পাশ। তার ভাই ওয়াহাব বলেন, তিনি নিখোঁজ আছেন কিন্তু টেলিফোনে তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, আমি ভারতে আছি। কীভাবে তিনি ভারতে গেলেন, সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন ওয়াহাব।  র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ওয়াহাবের ফোনে কল করলে তিনি বলেন, তাদের বাসায় সরকারি কিছু মানুষ বাদশার খোঁজ করতে সে মুহূর্তে উপস্থিত আছেন। তার ফোনেই কথা হয় র‌্যাব ব্যাটেলিয়ান -৫ এর একজনের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি বলেন, আমরা ওপর মহলের নির্দেশে এই বাসায় অনুসন্ধানে এসেছি। বাদশার পরিবার আপনাকে  যা বললো আমাদেরও সেই কথাগুলোই বলেছে।
কেন বাড়ি ছেড়ে চলে গেছেন প্রশ্নে বাদশার ভাই বাংলা ট্রিবিউনকে বলেন, এলাকার সবাই তাকে মাথা গরম হিসেবেই জানে। চাচাতো ভাইয়ের সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি ছেড়ে গেছেন। আমরা ভেবেছি  ফিরে আসবেন। বেশ কিছুদিন তার কোনও খোঁজ পাইনি। কিন্তু হঠাৎই ঈদের দিন ফোন করে কথা দিয়েছেন, বাড়ি ফিরবেন এবং বলেছেন তিনি ভারতে অবস্থান করছেন।
ভারত থেকে যে নম্বরে কল করেছিলেন বাদশা সে নম্বরটি জানতে চাইলে তার ভাই জানান, আমাদের পক্ষে ওই নম্বর দেওয়া সম্ভব না। আমরা কেউই সেই নম্বরটি আমাদের কাছে রাখি নাই। কেন রাখেন নাই প্রশ্নে তিনি বলেন, আমরা আসলে তার সঙ্গে কথা বলার পর নম্বর রাখার কথা ভাবিনি।
প্রসঙ্গত,সারা দেশে সাম্প্রতিক সময়ে নিখোঁজ ২৬২ জনের একটি তালিকা প্রকাশ করেছে র‌্যাব। গুলশান ও শোলাকিয়ায় হামলায় ঘরছাড়া তরুণদের জড়িত থাকার বিষয়টি প্রকাশের পর, নিখোঁজদের অনুসন্ধানে যায় আইন-শৃঙ্খলা বাহিনী। এর আগে তাদের পক্ষ থেকে নিখোঁজ ১৭ জনের তালিকা প্রকাশ করা হয়। র‌্যাবের অনলাইন মিডিয়া সেলের ফেইসবুক পাতায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে নিখোঁজ ২৬২ জনের তালিকা প্রকাশ করা হয়।
ইউআই/এপিএইচ/

আরও পড়ুন:
নিখোঁজ ছেলেকে কারাগারে দেখে এলেন বাবা!

দুই ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে চলে যান প্রকৌশলী রাহাত

‘আমার লগ ছাড়ি দেও, আমি আল্লাহর নামে আছি’

র‌্যাবের নিখোঁজ তালিকায় ঝিনাইদহের প্রতিবন্ধী, প্রবাসী ও নিহতদের নাম