জঙ্গিবাদবিরোধী ফতোয়া প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর বৃহস্পতিবার

ফতোয়াজঙ্গিবাদের বিরদ্ধে এক লাখ আলেমের স্বাক্ষরিত ফতোয়ার কপি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। শোলাকিয়ার ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে ফতোয়া হস্তান্তর করবেন।
জানা গেছে,‘ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আমাদের করণীয়’ শীর্ষক এক ওলামা সম্মেলন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদি ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া, অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। অনুষ্ঠানে দেশের প্রখ্যাত আলেম, বুদ্ধিজীবী ও স্কলাররাও উপস্থিত থাকবেন।
জানা গেছে,জঙ্গিবাদের বিরুদ্ধে লক্ষাধিক আলেমের ফতোয়া জাতিসংঘের সদর দফতরে পাঠাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন একলক্ষ আলেম, মুফতি ও ইমামগণের ফতোয়া ও দস্তখত সংগ্রহ কমিটির আহ্বায়ক ফরীদ উদ্দীন মাসঊদ। এছাড়া,অরগ্যানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ও্আইসি)সদর দফতরেও একই ফতোয়া পাঠাতে সৌদি আরব যাবেন তিনি। এজন্য, ফতোয়ার কপি ইংরেজির পাশাপাশি আরবি ভাষায়ও অনুাবাদ করা হয়েছে।ইতোমধ্যে জাতিসংঘের সদর দফতর ও ওআইসি সদর দফতরেও যোগাযোগ করা হয়েছে। 

জানা গেছে, জঙ্গিবাদবিরোধী ফতোয়া ৩০ খণ্ডে গ্রন্থবদ্ধ করা হয়েছে। ফতোয়ার একটি কপি জাতিসংঘ ও একটি ওআইসিতে দেওয়া হবে। এছাড়া, প্রধানমন্ত্রী,  রাষ্ট্রপতির কাছেও হস্তান্তর করবেন ফরীদ উদ্দীন মাসঊদ। এজন্য এই ফতোয়ার একটা ইংরেজি, আরেকটা আরবি ভার্সনও প্রস্তুত করা হয়েছে। ১১ জুলাই ফতোয়ার কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তরের তারিখ নির্ধারণ করা হয়েছে। জাতিসংঘ ও ওআইসিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে যোগাযোগ করা হয়েছে।

এ প্রসঙ্গে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, প্রধানমন্ত্রীকে জঙ্গিবাদবিরোধী ফতোয়ার কপি কাল দেওয়া হবে। এছাড়া আমি নিজে গিয়ে ফতোয়া  কপি জাতিসংঘ ও  ওআইসিতে হস্তান্তর করে আসব। এতে সারা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিপুলসংখ্যক ধর্মীয় ব্যক্তিত্বদের এই ব্যাখ্যা অবশ্যই বিরাট অবদান রাখবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা শীর্ষে নিয়ে যাবে। মুসলিম সমাজে ফতোয়ার অর্থাৎ কোরআন হাদীসের আলোকে মুফতি ও ধর্মবেত্তাদের সুচিন্তিত পরামর্শ ও মতামতের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। ধর্মীয় ও সামাজিক সমস্যা দিতে আজও বিপুলসংখ্যক মানুষ আলিম ও মুফতিগণের কাছে আসেন এবং তাদের ফতোয়া অনুসরণ করেন।

প্রসঙ্গত, জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের  ১লাখ ১ হাজার ৫২৪ জন মুফতি, উলামা ও আইম্মার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় স্বাক্ষর করেছেন। ফতোয়া সংগ্রহ কমিটি এই বিষয়ে প্রদত্ব দারুল উলূম দেওবন্দ ভারত, মঈনুল ইসলাম হাটহাজারী, ইসালামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা- ঢাকা, চরমোনাই জামিআ রশিদিয়া ইসলামিয়া, শায়খ যাকারিয়া রিসার্চ সেন্টার - ঢাকা,  বাংলাদেশ ও ইন্ডিয়াসহ বিশেষ কতিপয় ইসলামী প্রতিষ্ঠানের ফতোয়াও সংগ্রহ করেন। লাখো আলেমের ফতোয়ায় অংশ নিয়েছেন নারী আলেমরাও। দেশের ৯ হাজার ৩২০ জন নারী আলেমরা স্বাক্ষর করেছেন জঙ্গিবাদবিরোধী ফতোয়ায়।

 আরও পড়ুন: ছোট রাজনৈতিক দলগুলোর বড় জোটের স্বপ্ন

/সিএ /এআর/