‘আমি কেন আগুন দেখতে যাব?’

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদরাজধানীর গুলশানে ঢাকা সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাঁচা ও পাকা মার্কেটে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিতে যাননি স্থানীয় সংসদ সদস্য (এমপি) এস এম আবুল কালাম আজাদ। এ নিয়ে কোনও ভ্রুক্ষেপও নেই তার। আর স্থানীয় সংসদ সদস্যের অনুপস্থিতিতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে এ বিষয়ে আবুল কালাম আজাদের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি বলেন, ‘আমি কেন আগুন দেখতে যাব? সেখানে গিয়ে কী করব? আমি কি এরশাদ সাহেবের মতো স্ট্যান্টবাজি করে বলব, প্রধানমন্ত্রী সাহায্য দিন? ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা আমি সরাসরি প্রধানমন্ত্রীকে বলব।’
স্থানীয় সংসদ সদস্য বলেন, ‘অগ্নিকাণ্ডের পর আমি আমার এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে মার্কেটের কাছে যাই। দেখতে পাই, এরশাদ সাহেব টেলিভিশনের সামনে অনেক কথা বলছেন। এ কারণে আমি আর গাড়ি থেকে নামিনি।’
আবুল কালাম আজাদ বলেন, ‘ওই মার্কেটের ব্যবসায়ীদের দু’টি গ্রুপ রয়েছে। একটি গ্রুপ মার্কেট ভাঙার পক্ষে, অন্য গ্রুপ রাখার পক্ষে। আমি তো তাদের জনপ্রতিনিধি। সেখানে গেলে দুই গ্রুপই আমার সামনে আসবে। তখন কার পক্ষে যাব আমি? আমাকে যাতে কোনও গ্রুপে যেতে না হয় তার জন্যই আমি মার্কেটে যাইনি। এটা আমার নির্বাচনী এলাকা। তাই এরশাদ সাহেব কিংবা আনিস সাহেবের পক্ষে যেটা বলা সম্ভব, সেটা আমার পক্ষে সম্ভব না।’
মার্কেট পরিদর্শনে না গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি নিয়ে আমি অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে যাব। সাক্ষাৎ করে পুরো বিষয়টি তাকে অবহিত করব। তিনি প্রজ্ঞাবান। আশা করি যথাসময়ে তিনি তার সাহায্যের ভাণ্ডার খুলে দেবেন।’
বর্তমানে নির্বাচনি এলাকাতে অবস্থান করেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ-খবর রাখছেন বলে জানান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
অন্যদিকে, ডিএনসিসি মার্কেটে আগুন লাগলেও স্থানীয় সংসদ সদস্য সেখানে না যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গুলশান-১, ডিএনসিসি পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান তালাল রিজভী বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আরে উনার (এসএম আবুল কালাম আজাদ) কথা বলবেন না। আমরা এতগুলো মানুষ কষ্টে আছি, একবারের জন্যও তিনি আসেননি। আমরা ব্যবসায়ীরা তার এমন আচরণের তীব্র প্রতিবাদ জানাই।’
ডিএনসিসি কাঁচা মার্কেটের সভাপতি শের মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উনি আমাদের দেখতে আসেননি। গুলশানের মতো এলাকায় এমন এমপি আমরা চাই না। উনার উচিত ছিল এখানে আসা, আমাদের সঙ্গে কথা বলা। সর্বোচ্চ পর্যায় থেকে নেতা-কর্মীরা এখানে এসেছেন। কিন্তু এখানকার এমপি একবারের জন্যও আসলেন না। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।’
প্রসঙ্গত, ঢাকার গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা মহানগরীর ১৬টি নির্বাচনি এলাকার বেশিরভাগ এমপিকে বিভিন্ন কর্মকাণ্ডে দেখা গেলেও ঢাকা-১৭ আসনের এমপি থাকেন কিছুটা নিভৃতে। এলাকার অনেক ভোটারের কাছেই তিনি অপরিচিত।

আরও পড়ুন- 
ঢাকার ‘অপরিচিত’ এমপি

ডিএনসিসি মার্কেটে আগুন: তদন্তে পুলিশের পাঁচ সদস্যের কমিটি

তিন দিন পর ডিএনসিসি মার্কেট থেকে জীবিত ছাগল উদ্ধার!

 

/টিআর/