চিফ অব পুলিশ কনফারেন্স শুরু হচ্ছে আজ

পুলিশ১৪টি দেশের পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ রবিবার (১২ মার্চ)। জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ আন্তঃদেশীয় অপরাধ দমনের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইন্টারপোল ও পুলিশের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মত এ ধরণের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

‘চিফ অব পুলিশ কনফারেন্স অব সাউথ এশিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিস অন রিজিওনাল কো-অপারেশন ইন কার্ভিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর সোনারগাঁও হোটেলে। পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, ১২ থেকে ১৪ মার্চ এই তিন দিনব্যাপী দক্ষিণ এশিয়া ও পার্শ্ববর্তী দেশসমূহের পুলিশ প্রধানদের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধের কর্মপন্থা নির্ধারণ করে ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরিত হবে।

সম্মেলনে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ১৪ দেশের প্রতিনিধি ছাড়াও ইন্টারপোল, ফেসবুক ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই), যুক্তরাষ্ট্রের আইজিসিআই, আসিয়ানপোল ইত্যাদি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ মোট ৫৮জন বিদেশি অংশগ্রহণ করবেন।

জঙ্গি দমন, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ, সন্ত্রাসী অর্থায়ন, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সাইবার অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে। সূত্র: বাসস।

/এফএস/

আরও পড়ুন- 


কুসিক নির্বাচন: দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি