বনানী থানা পুলিশের গাফিলতি ছিল কিনা জানতে দুটি তদন্ত কমিটি

ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং‘দ্য রেইনট্রি’ হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের বিষয়ে বনানী থানা পুলিশের কর্তব্য পালনে কোনও গাফিলতি রয়েছে কিনা জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার তিন ও চার সদস্যের এই দুটি কমিটি গঠন করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে শুক্রবার দুপুরে এই প্রেস ব্রিফিং হয়। কৃষ্ণপদ জানান, এডিশনাল কমিশনার মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। এর বাকি দুই সদস্য হলেন- ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন ও যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়।

আর চার সদস্যের তদন্ত সহায়ক কমিটির প্রধান করা হয়েছে যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়কে। এই কমিটির সদস্যরা হলেন- ডিসি (ডিবি নর্থ) শেখ নাহমুল আলম, ডিসি (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন) ফরিদা ইয়াসমিন, ডিসি (গুলশান) মুস্তাক আহমেদ।

প্রসঙ্গত, ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন দুই তরুণী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ। বনানী পুলিশ মামলা নিতে গড়িমসি করে বলে অভিযোগ করেন দুই তরুণী।

/এনএল/এফএস/

আরও পড়ুন- 

প্রযুক্তির জালে আটকা পড়ে সাফাত ও সাদমান

দিনমজুরের ছেলে হালিম যেভাবে নাঈম আশরাফ

যে বাড়িতে আত্মগোপনে ছিল সাফাত ও সাদমান

পলাতক থেকেও সক্রিয় ছিল ধর্ষণ মামলার আসামিরা