সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ ও সুইডেনের

স্টিফেন লোফভেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, ব্যবসা ও নগর উন্নয়নে একযোগে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ হয়েছে  বাংলাদেশ ও সুইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বৃহস্পতিবার দুইদেশের মধ্যে এই মতৈক্য হয়।

সুইডেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনদিনের দ্বিপক্ষীয় সফরে শেখ হাসিনা এখন সুইডেনে অবস্থান করছেন। বৃহস্পতিবার সকালে তিনি স্টকহোমে পৌঁছান। পরে দুপুরে সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।স্টিফেন লোফভেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

পররাষ্ট্র সচিব বলেন, ‘সুইডেনে এটাই বাংলাদেশের কোনও সরকার বা রাষ্ট্রপ্রধানের প্রথম দ্বিপাক্ষিক সরকারি সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দ্বিপাক্ষিক সফরের মধ্যদিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সুইডিশ প্রধানমন্ত্রী বলেছেন,  এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্কের দুয়ারও উন্মোচিত হয়েছে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একযোগে কাজ করার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন। দুই নেতা বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলাপ-অলোচনা করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতার জন্য জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, ব্যবসা এবং নগর উন্নয়ন খাতকে চিহ্নিত করেন।’

সুইডেনের প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন এবং এক্ষেত্রে তাদের বেসরকারি খাতের ভূমিকাও তিনি তুলে ধরেন জানিয়ে পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘সুইডেনের প্রধানমন্ত্রী বলেছেন,  এক্ষেত্রে এ দু’টি দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘বর্তমানে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য অনেকটাই বাংলাদেশের অনুকূলে রয়েছে। লোফভেন বলেছেন, সুইডেন বর্তমানে অনেক উন্নয়নশীল দেশেই স্মার্ট সিটি প্রতিষ্ঠার বিষয়ে সহযোগিতা করছে। বাংলাদেশে কীভাবে ‘স্মার্ট সিটি’ প্রতিষ্ঠায় সুইডেন সহযোগিতা করতে পারে সে বিষয়েও সুইডেনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন।’ সূত্র: বাসস।

/এফএস/ 

আরও পড়ুন-


ঈদের কেনাকাটায় হাজার কোটি টাকা যাচ্ছে ভারতে!