বিমানের উড়োজাহাজ দীর্ঘদিন ধরে গ্রাউন্ডেড থাকার কারণ তদন্তে গঠিত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির পরবর্তী বৈঠকে তাদের ডাকার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লিজে বিমান এনে ফেলে রাখার বিষয়ে সংসদীয় সাব-কমিটি তদন্ত করে একটি রিপোর্ট দিয়েছে। ওই রিপোর্টে লিজ নেওয়ার ক্ষেত্রে বিমানের তৎকালীন পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ জন্য সংসদীয় কমিটি ওই পর্ষদের চেয়ারম্যান ও সেই সময়কার কারিগরি কমিটিতে আগামী বৈঠকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে।’
প্রসঙ্গত, ২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে দু’টি উড়োজাহাজ লিজ নেয় বিমান। কিন্তু ইঞ্জিন বিকলসহ নানা কারণে বেশিরভাগ সময় উড়োজাহাজ দু’টির একটি পরিচালনা না করে ফেলে রাখা হয়। যে কারণে বাংলাদেশ বিমানের ৩০০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়। ঘটনাটি সংসদীয় কমিটির নজরে আসার পর কমিটির সদস্য কামরুল আশরাফ খানের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনে ওই উড়োজাহাজটি লিজ নেওয়া এবং মেরামত করানোর ক্ষেত্রে চরম অবহেলা ও অনিয়মের তথ্য উঠে আসে।
এদিকে সংসদীয় কমিটি রূপসী বাংলা ও সোনারগাঁও হোটেল সংস্কার কার্যক্রমে ধীর গতির কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। কমিটি হোটেল দু’টির সংস্কার কার্যক্রমে নতুন করে সময় না বাড়িয়ে আগামী জানুয়ারির মধ্যে শেষ করার সুপারিশ করেছে।
এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, ‘হোটেল দু’টির সংস্কার কাজ দ্রুত শেষ করতে কমিটি বার বার তাগাদা দিলেও কাজের কোনও অগ্রগতি হয়নি। এ জন্য আজকের (বৃহস্পতিবারের) বৈঠকে কমিটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। একইসঙ্গে জানুয়ারির মধ্যে তাদের কাজ শেষ করতে বলা হয়েছে। নতুন করে তাদের জন্য আর যেন সময় বাড়ানো না হয়, সে ব্যাপারে সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।’
এদিকে বৈঠকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রকল্পগুলো সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথভাবে বাস্তবায়ন করা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও উন্নত ও স্বচ্ছ করার বিষয়ে সুপারিশ করা হয়েছে।
ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার ও সাবিহা নাহার বেগম অংশ নেন।
আরও পড়ুন: লিজে আনা উড়োজাহাজ ফেরত দিতে এবার পরামর্শক খুঁজছে বিমান