আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। শনিবার (৭ অক্টোবর) সকাল ৭টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা হতে নির্দিষ্ট স্থানগুলোয় জমায়েত হতে শুরু করেছেন তারা। বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা নির্ধারিত স্থানগুলোয় সমবেত হচ্ছেন। নেতাকর্মীরা বিমানবন্দর, মহাখালী, বনানী, বিজয় স্মরণী, সামরিক জাদুঘর, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনের সড়কে জমায়েত হয়েছেন।
তবে এসব স্থানে পরিচিত নেতাদের উপস্থিতি কম। নেতাদের উপস্থিতি কম থাকলেও কর্মী সমর্থকদের উপস্থিতি ব্যাপক।
নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার , ফেস্টুন এবং পরনে লাল-সবুজ রঙের পোশাক। জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় স্মরণী, সামরিক জাদুঘর, চন্দ্রিমা উদ্যানের সামনের সড়ক ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত এ চিত্র দেখা গেছে। মাইকে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান বাজছে। পিকআপ ভ্যানে করে মঞ্চ সাজিয়ে উৎসবমুখর পরিবেশে দেশাত্মবোধক গান ও শ্লোগান দিচ্ছেন দলীয় কর্মী ও সমর্থকরা।
এসব এলাকায় নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। ডগ স্কোয়াড নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখছেন তারা। ডিবি, এসবি, পুলিশ, র্যাবসহ সব বাহিনীর সদস্যরাই কাজ করছে।
শনিবার ছুটির থাকার পরও বাড়তি চাপের কারণে রাস্তায় সকাল থেকেই যানজট দেখা গেছে।
ছবি: সাজ্জাদ হোসেন