শনিবার (৭ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানোর পর এখন নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে আর কোনও পার্থক্য নেই। সব বিভাগের ওপরই একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেল শেখ হাসিনার। মানুষের বিচার প্রার্থনার শেষ আশ্রয়স্থলটুকুও আর থাকলো না। এর ফলে আগামী দিনের সব রায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই নিয়ন্ত্রণ করা হবে বলে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে।’
রিজভী আরও বলেন, ‘প্রধান বিচারপতিকে হুমকি দিয়ে ছুটি নিতে বাধ্য করা অথবা ছুটির নামে জালিয়াতি করা হয়েছে, সেটি নজীরবিহীন। যেভাবে তাকে নাজেহাল করা হয়েছে, যেভাবে বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি নস্যাৎ হয়েছে তাতে বিচারবিভাগের সম্মান ও ভাবমূর্তি বলে কিছু অবশিষ্ট রইলো না। এই সরকারের দুঃসহ দৌরাত্ম্যের বিরুদ্ধে সবাই মিলে সোচ্চার না হলে ভবিষ্যতে বিরোধী দল, মত ও বিশ্বাসের লোকদেরসহ ন্যায় বিচার পাওয়ার আর কোনও সম্ভাবনাই থাকবে না। সরকারের নিষ্ঠুর প্রতিহিংসার শিকার হবে সরকার বিরোধীরা।’
উল্লেখ্য, গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেছেন তিনি। তবে বিএনপির অভিযোগ, প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।
আরও পড়ুন- প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া আইনজীবীদের বাধা