অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই বাংলাদেশের সব সমস্যা সমাধানের একমাত্র বিকল্প বলে মন্তব্য করেছেন ব্রিটেনের সরকারদলীয় হুইপ এন্ড্রো স্টিফেনসন। সোমবার (১৩ নভেম্বর) রাতে লন্ডনের হাউস অব কমন্সে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অ্যালায়েন্স আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজিত ওই সভায় ব্রিটিশ পার্লামেন্টের একাধিক এমপি অংশ নেন। শ্যাডো মিনিস্টার কেট কলার্ন এমপি বলেছেন, ‘উন্নয়ন সহযোগী দেশ হিসেবে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় ব্রিটেন।’
মূলত বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ও সমর্থক কয়েকটি কমিউনিটি নেতা সেমিনারটি আয়োজন করেন। শুরুতেই বাংলাদেশের মানবাধিকারের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
এন্ড্রো স্টিফেনসনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা কাউন্সিলার মুজাক্কির আলী, শ্যাডো মিনিস্টার জেক বেড়ি, শ্যাডো মিনিস্টার কেট কলার্ন এমপি, জুলি কুপার এমপি, ব্রিটিশ লর্ড সভার সদস্য লর্ড কোরবান হোসেন, গ্রাহাম জোন্স এমপি, মাহিদুর রহমান, ড. আবুল হাসনাত, ব্যারিস্টার এমএ সালাম, ব্যারিস্টার নজির আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, বিবিসিএর সভাপতি ব্যারিস্টার আফজা জেড এস আলী, সাধারণ সম্পাদক ফয়জুন নূর ও আবিদুল ইসলাম আরজু।
আরও পড়ুন:
বেসরকারি বিশ্ববিদ্যালয় র্যাংকিং: গবেষকদের চোখে সময়োপযোগী ও ইতিবাচক