এদিকে সোমবার নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার আগে ককপিটে বিভ্রান্তির আভাস মেলে। নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে পাইলটের শেষ চার মিনিটের কথোপকথনের অডিও থেকে এমন আভাস পাওয়া গেছে। কামরুল ইসলাম বলেন, ‘আমরা কাল জানিয়েছিলাম ক্যাপ্টেন আবিদ ক্রিটিক্যাল অবস্থায় বেঁচে আছেন। কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম তিনি আর বেঁচে নেই।’
ঘটনার পরপরই এই বিমান বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এসেছে ইউএস বাংলা এয়ারলাইন্স ও ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি, পাইলটের ভুলেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। আর ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রণকক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছিলো তাদের। সর্বশেষ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে পাইলটের কথোপকথনেও ইউএস বাংলার দাবির সত্যতা মিলেছে।
এর পরিপ্রেক্ষিতে কামরুল ইসলাম বলেন, ‘কন্ট্রোল টাওয়ারের সঙ্গে পাইলটের কথোপকথনের যে অডিও বের হয়েছে, সেখানে কন্ট্রোল টাওয়ারের কিছু মিস-গাইডেন্স দেখেছি আমরা। আমরা তদন্তের পর সঠিক কারণ পুরোপুরি বলতে পারবো। প্রাথমিকভাবে আমরা বুঝতে পেরেছি—ক্যাপ্টেনের এখানে কোনও দোষ নেই। কারণ, তার ৭০০ ঘণ্টারও বেশি ফ্লাইট পরিচালনা এবং এই এয়ারপোর্টে শতাধিক ল্যান্ডিংয়ের নজির আছে।’