একজনের অবস্থা একটু সিরিয়াস, বাকিরা সবাই স্টেবল: মাশফি বিনতে শামস

মাশফি বিনতে শামসনেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস সাংবাদিকদের জানিয়েছেন, ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত বাংলাদেশিদের অবস্থা উন্নতির দিকে। তিনি বলেন, ‘উনারা সবাই স্টেবল আছেন। একজনের অবস্থা একটু সিরিয়াস। তাকে কয়েকজন ডাক্তার দেখবেন। এছাড়া সবাই স্থিতিশীল আছেন। দুয়েক দিনের মধ্যেই তারা চলে যেতে পারবেন। আমরা পাঠানোর ব্যবস্থা করবো।’

বৃহস্পতিবার (১৫ মার্চ) কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশি নাগরিকদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত আরও বলেন, ‘একজন আজ দেশে যাচ্ছেন। তার নাম শাহরিন আহমেদ। বিমান ঠিক সময়ে এলে দুপুর দেড়টার ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।’

অন্যদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘চিকিৎসকরা যেভাবে গাইড করবেন সেভাবেই কাজ করার চেষ্টা করবো। উনারা দেখে যদি বলেন যাওয়া যাবে, তাহলে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবো।’

এদিকে বাংলা ট্রিবিউনকে তিনি জানান, বৃহস্পতিবার দুপুর নাগাদ নিহত ৫১ জনের মধ্যে ২৫ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ০৭২) নেপাল থেকে শাহরিনকে নিয়ে আসা হচ্ছে। বিকাল ৩টার দিকে তার এসে পৌঁছানোর কথা। তার সঙ্গে তার দুই ভাই রয়েছেন। তিনি পায়ে আঘাত পেয়েছেন। 

প্রসঙ্গত, নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজনকে কাঠমান্ডু ছাড়ার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। এরই মধ্যে তাদের একজনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।

গত সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান ৬৭ যাত্রী ও চারজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। এতে ৫১ জন নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি।