সরকারের উন্নয়ন চিত্র যার যার এলাকায় গিয়ে মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বুধবার (২২ আগস্ট) গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়েরর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নির্দেশনার কথা জানান। তিনি বলেন, এখানে স্লোগান না দিয়ে এলাকায় যান, আমরা কী কাজ করেছি তা জনগণের কাছে তুলে ধরেন। জনগণ খুশি থাকলে, তারা ভোট দিলে, আবারও ক্ষমতায় আসবো। ভোট না দিলে অসুবিধা নেই। দেশের মানুষের জন্য কাজ করছি।’
এসময় প্রধানমন্ত্রী জাতির পিতাসহ ১৫ আগস্ট ও ২১ আগস্টে নিহত সবার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করার চেষ্টা করছি। শোক ও ব্যথা বুকে নিয়ে শোকের মাসেও সবার জন্য ঈদআনন্দ শান্তিপূর্ণ করতে কাজ করছি।’
এর আগে তিনি গণভবনে দলীয় নেতাকর্মী, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উপস্থিত নেতাকর্মীদের এলাকায় যাওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখনে থেকে স্লোগান না দিয়ে এলাকায় যান। আমরা কী কী কাজ করেছি জনগণকে তো তা জানাতে হবে। জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় যাবো। তারা খুশি হলে ভোট দেবে, না দিলে নেই। কোনও অসুবিধা নাই।’
জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের জন্য দোয়া কামনা করে শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্ট আমরা মা-বাবা ভাই বোন সবাইকে হারিয়েছি। আমরা দুটি বোন বেঁচে আছি। আপনারা ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদের প্রতি দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন।’
প্রধানমন্ত্রী এসময় কারও কোনও অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট স্থানে জমা দেওয়ার আহ্বান জানান। এগুলো দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।