আপনার ব্যাংক হিসাবে যদি ৩ লাখ টাকা থাকে, তাহলে বছরে একবার আবগারি শুল্ক দিতে হয়। এবার এই সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা হয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এই সুবিধা দিয়েছেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উত্থাপনকালে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি প্রদানের স্বার্থে অব্যাহতির সীমা ৩ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এছাড়া, একটি লোন হিসাবের বিপরীতে শুধুমাত্র একবারই আবগারী শুল্ক কর্তন করার বিধান প্রণয়নের প্রস্তাব করছি।
আবগারি শুল্ক কী
আবগারি শুল্ক হলো, একধরনের পরোক্ষ কর, যা সরকার নির্দিষ্ট কিছু পণ্য, সেবা বা আর্থিক কার্যক্রমের ওপর ধার্য করে। যেমন- ব্যাংকে টাকা রাখা, মুঠোফোনে কথা বলা, সিগারেট কেনা ইত্যাদি। এ ধরনের শুল্ক কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ও মুনাফার ওপর বসে না। কোনও কার্যকলাপ বা সুবিধা ব্যবহারের ক্ষেত্রে বসে।









