ফিরতি হজ ফ্লাইট শুরু ২৭ আগস্ট

হজ ফ্লাইট, ফাইল ছবি আগামীকার সোমবার (২৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট। ফ্লাইট চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা ও মক্কা হজ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের পবিত্র হজ পালনে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন। এরমধ্যে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনে সৌদি আরব গেছেন।
ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ৫২৮টি এজেন্সির মাধ্যমে এবার ১ লাখ ২০ হাজার লোক হজ পালনে সৌদি আরব গেছেন। গত ২০ আগস্ট এবারের পবিত্র হজ পালন সম্পন্ন হয় এবং গত ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশে প্রথম হজ ফ্লাইট শুরু হয় বলে হজ অফিস জানায়।
এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১৩ জন নারীসহ ৮৬ জন হজ যাত্রী মারা গেছেন। এরমধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় ৭জন, জেদ্দায় ২ জন মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন হজ যাত্রীর ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ ব্যবস্থাপনা সরেজমিনে প্রত্যক্ষ করতে বর্তমানে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন বলে মক্কা অফিস সূত্রে জানা গেছে। খবর বাসস।