‘জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩ দশমিক ৫৭ শতাংশ’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (ফাইল ছবি)

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘মৎস্যজীবীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি সাধন, কর্ম-সংস্থানের নতুন সুযোগ সৃষ্টিসহ বৈদেশিক মুদ্রার্জনের ক্ষেত্রে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। দেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের বেশি মানুষ মৎস্য খাতের ওপর নির্ভরশীল। আমাদের জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৩ দশমিক ৫৭ শতাংশ অর্জিত হয় মৎস্য খাত থেকে।’

বুধবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্যোগে ‘বার্ষিক গবেষণা-পরিকল্পনা প্রণয়ন ২০১৮-১৯’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) এ কর্মশালা শেষ হবে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিআরএসি) মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় দেশের বিভিন্ন মৎস্য  গবেষক, বিজ্ঞানী, শিক্ষক, এনজিও-এর প্রতিনিধি, খামারিসহ অনেকে অংশ নেন।

দুই দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ৫০টি গবেষণা-প্রস্তাবনা উপস্থাপন করবেন এবং বিজ্ঞানীদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন। মাঠপর্যায়ে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাবের সমন্বয়ে গঠিত এসব পরিকল্পনা-প্রস্তব নিয়ে সংশ্লিষ্টরা দুই দিনব্যাপী বিভিন্ন সংশোধনী ও পরামর্শ দিয়ে একটি বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা দেবেন।

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘দেশ এখন মাছে স্বয়ংসম্পূর্ণ। দেশে বিলুপ্তপ্রায় ৬৪ প্রজাতির মাছের মধ্যে বিএফআরআই কর্তৃক ১৮টি মাছের প্রজনন ও চাষাবাদ কৌশল উদ্ভাবন করা হয়েছে, যা দেশি মাছরক্ষায় আশার আলো জাগিয়েছে। এ ছাড়া, অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ৩য়, মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে ৪র্থ আর ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান প্রথম। এমনকি, গত ৯ বছরে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে ৬৬ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্রজয়ের ফলে এর একলাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকা আমাদের অন্তর্ভুক্ত হয় এবং এর প্রেক্ষিতে সামুদ্রিক মৎস্যসম্পদের স্থায়িত্বশীল উন্নয়নে জরিপ-জাহাজ আরভি মীন সন্ধানীর মাধ্যমে জরিপকাজ পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া, সম্প্রতি এফএও-এর সহযোগিতায় ড. ফ্রিজ অব ন্যানসন নামক অত্যাধুনিক জাহাজ দিয়েও সমুদ্রে জরিপকাজ পরিচালনা করা হয়েছে।’

বিআরএফআই-এর ডিজি ড. ইয়াহিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. কবির ইকরামুল হক, মৎস্য  অধিফতরের ডিজি গোলজার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।