জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যেতে চান শেখ হাসিনা ও মোদি



শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিবাংলাদেশ ও ভারতের জনগণের ভাগ্য পরিবর্তনে একত্রে কাজ অব্যাহত রাখায় সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৩০ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৪র্থ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে তারা এই ঐকমত্য প্রকাশ করেন।
এদিন বিকেলে স্থানীয় হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত বৈঠকের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে দুই নেতাকে উদ্ধৃত করে বলেন, তারা বলেছেন, ‘আমরা আমাদের দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে একত্রে কাজ অব্যাহত রাখতে চাই।’
প্রেস সচিব বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রতি সমর্থনের পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করায় শেখ হাসিনা ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের এই বন্ধুত্ব নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’দুই নেতা সাত-জাতি গ্রুপের ভবিষ্যৎ নিয়েও উচ্চাশা প্রকাশ করেন। প্রেস সচিব তাদের উদ্ধৃত করে করে বলেন, তারা বলেছেন, আমরা আমাদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে চাই এবং এতে বিমসটেকের সব সদস্য-দেশ লাভবান হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। সূত্র: বাসস