মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের ২০১৮ সালের ২৯ জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নবম সংবাদপত্র মজুরি বোর্ডের পেশ করা অন্তবর্তীকালীন প্রতিবেদন পরীক্ষা শেষে সরকার সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোতে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে অন্তবর্তীকালীন মহার্ঘ্য ভাতা সুবিধা ঘোষণা করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০১৮ সালের ১ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে। এ মহার্ঘ্য ভাতা পরবর্তীতে বোর্ডের নির্ধারিত সামগ্রিক বেতন কাঠামোর সঙ্গে সমন্বিত করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত ২৯ জানুয়ারি নবম মজুরি বোর্ড গঠন করা হয়। ১৩ সদস্যের এ বোর্ডে চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক। এছাড়া সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকপক্ষ এবং সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারী বা শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সমসংখ্যক প্রতিনিধিও রয়েছে ওয়েজ বোর্ডে।
এর আগে ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর সংবাদপত্রকর্মীদের বেতন-ভাতা ৭৫ শতাংশ বাড়িয়ে করে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৩ গেজেট প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।