রবিবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনও সুযোগ নেই। এই মুহূর্তে পরিবর্তন করতে তো পারবো না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এরমধ্যে কোনও ন্যায়সঙ্গত বিষয় থাকলে পরে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।’
মন্ত্রীর এমন কথার পরিপ্রেক্ষিতে ধর্মঘট আহ্বানকারী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) এই কথা এখন বলেন কেন? আমরা তো গত ২৭ সেপ্টেম্বর উনাকে চিঠি দিয়েছি। তিনি তো তখন আমাদের ডেকে বলতে পারতেন। তখন কিছু করা যেত, এখন কী করার আছে?’
তিনি আরও বলেন, ‘আমরা কি ভাই রাস্তার লোক? যখন যা ইচ্ছা তাই করতে পারি। চাইলেই কী আন্দোলন প্রত্যাহার করা যায়? এ মুহূর্তে আমি যদি শ্রমিকদের বলি তোমরা গাড়ি চালাও, ওই শ্রমিকরা তো আমাকে দালাল বলবে।’