শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ দিকে গণভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তফ্রন্ট নেতাদের সংলাপ শুরু হয়। বৈঠক এখনও চলছে। বৈঠকে যুক্তফ্রন্টের নেতারা সাত দফা দাবি তুলে ধরেছেন। বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি, অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) নেতৃত্বে যুক্তফ্রন্টের ২১ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন।
সংলাপে অংশ নেওয়া প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ,দলটির প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, ভাইস চেয়ারম্যান মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, বিএলডিপি সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, বিএলডিপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ এর সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, বাংলাদেশ জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান, বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি মাহবুব আলী, বাংলাদেশ জন দলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টের চেয়ারম্যান দীলিপ কুমার দাস, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী সদস্য, সাবেক এমপি, মজহারুল হক শাহ্ চৌধুরী এবং এনডিপি মহাসচিব মো. মাযহারুল হোসেইন ঈসা।
প্রধানমন্ত্রীকে লেখা বি. চৌধুরীর চিঠিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের কোনও বিকল্প নেই। সেই প্রস্তাবটি আপনি গ্রহণ করেছেন। আমরা খুশি হয়েছি, আপনি নির্বাচন সম্পর্কিত সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছেন। এজন্য আপনাকে বাংলাদেশ যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আপনার সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার জন্য আপনার সময় ও সুবিধামতো আমন্ত্রণ জানালে খুশি হবো। জাতির এই রাজনৈতিক ক্রান্তিলগ্নে আমাদের সবার শুভেচ্ছা ও সৌহার্দ্যের মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব বলে বিশ্বাস করি।’
আরও পড়ুন: সংলাপে যুক্তফ্রন্টের ৭ দফা