মঙ্গলবার রাত থেকে ডিএনসিসি এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

ডিএনসিসি

 

নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১ মার্চ সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা হতে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে এই তথ্য জানানো হয়।

যানবাহনের মধ্যে রয়েছে- বাস, ট্রাক, টেম্পো, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বেবিট্যাক্সি/অটোরিকশা, ইজিবাইক ইত্যাদি।

এছাড়া ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১ মার্চ সকাল ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আদেশ জারি করা যাবে। এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে উত্তর সিটির অধীন মহাসড়ক, আন্তঃজেলা বাস টার্মিনাল এবং মহানগর থেকে বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তায় এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এছাড়া, যারা ভোটার নন, তাদের ২৬ ফেব্রুয়ারি রাত ১২ টার আগে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যোগ হওয়া ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর: যারা ভোটার নন, তাদের এলাকা ছাড়ার নির্দেশ