বৃহস্পতিবার সড়কে নামার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা সরে যাওয়ার পর শাহবাগে যান চলাচল স্বাভাবিকআগামীকাল বৃহস্পতিবারের মধ্যে শিক্ষার্থীদের আট দফা দাবি আদায়ের আল্টিমেটাম দিয়েছেন নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি আদায় না হলে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফের সড়ক অবরোধে ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীরা সরে যাওয়ার পর শাহবাগ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার (২০ মার্চ) বিকাল পৌনে ৪টার দিকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার হাসান সাংবাদিকদের মাধ্যমে এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যে আট দফা দাবি দিয়েছে তা আগামীকাল সকালের মধ্যে বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আমরা আবার সড়কে নামবো। শুধু আশ্বাস দিলে হবে না, আমাদের দাবিগুলো মেনে নিয়ে প্রধানমন্ত্রীকে লিখিত দিতে হবে।’

শাহরিয়ার হাসান বলেন, ‘এর আগেও আমাদের অনেক আশ্বাস দেওয়া হয়েছে।  কিন্তু কোনও কাজ হয়নি। সড়কে মানুষ মরছেই।’শিক্ষার্থীরা সরে যাওয়ার পর শাহবাগে যান চলাচল স্বাভাবিক

ঢাবি’র শিক্ষার্থী বিল্লাল তুহিন সাংবাদিকদের বলেন, ‘আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

নিরাপদ সড়কের দাবিতে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শাহবাগে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। বিকালে পৌনে ৪টার দিকে সরকারকে আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেন তারা।

মঙ্গলবার রাজধানীর প্রগতি সরণীতে বাসচাপায় নিহত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এরপর থেকে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে। বুধবার রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন তারা। আজ ছিল আন্দোলনের ত্বিতীয় দিন।

আরও পড়ুন- 

এক সপ্তাহের মধ্যে আবরারের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

স্থবির ঢাকায় চরম ভোগান্তি