মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়েতে ছিটকে পড়ার ঘটনায় ১৯ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনকে মিয়ানমারের হাসপাতালে নেওয়া হয়। ইতোমধ্যে চারজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
শাকিল মেরাজ জানান, আরোহীদের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট রাত ১১টা ২৫ মিনিটে ঢাকা ছেড়েছে।
বুধবার (৮ মে) সন্ধ্যায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি (০৬০) ফ্লাইটটি। কানাডীয় কোম্পানি বোম্বার্ডিয়ার তৈরি ড্যাশ-৮ উড়োজাহাজটিতে ২৯ যাত্রী, দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।
প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইটটি (বিজি ০৬০) বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।
ড্যাশ-৮ উড়োজাহাজটি ৭৪ জন আরোহী বহনে সক্ষম।
আরও পড়ুন:
ইয়াঙ্গুন বিমানবন্দর বন্ধ ঘোষণা
মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশি বিমান