রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের নামে বিএনপি বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের (বিএনপি) জাতীয় ঐক্য গড়তে হবে না। জাতি ঐক্যবদ্ধ আছে। রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার সরকারের পররাষ্ট্রনীতি ঠিকই আছে। মিয়ানমারের ওপর চাপ বাড়ছে, আরও বাড়বে। আপনারা কি চান আমরা যুদ্ধ করি? যুদ্ধের ফাঁদে পা দিই? রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনারা জাতীয় ঐক্যের নামে আসলে বিভেদের পাঁয়তারা করছেন।’
তিনি বলেন, ‘রোহিঙ্গারা যখন বাংলাদেশ স্রোতের মতো আসতে থাকে তখন কিন্তু অনেক উসকানি ছিল। আমরা উসকানির ফাঁদে পা দিইনি। আমরা যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না। আমরা সফল কূটনীতির মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই। এই কৌশলে দুই পা এগোলে হয়তো এক পা পেছাতে হয়। আমরা আমাদের নীতি, পলিসি থেকে একচুলও নড়িনি।’
কাদের বলেন, ‘আমাদের টার্গেট সামনে রেখে রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে দিতে আমরা যত প্রকার চাপ সৃষ্টি করা দরকার করে যাচ্ছি।’
রোহিঙ্গা ইস্যু নিয়ে চক্রান্ত-ষড়যন্ত্র আছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। পাকিস্তানের ইনটেলিজেন্স প্রতিনিয়ত আছে, এনজিও লাগিয়ে দিয়েছে৷ তাদের পন্থী এনজিওরা এখানে চক্রান্ত করছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, ফখরুল সাহেব কি এদের সঙ্গে আঁতাত করেছেন? তিনি বলেন, ‘তা না হলে এত বেসুরে কথা কেন আপনার মুখ থেকে বের হচ্ছে? দুই বছর ধরে বিএনপি কূটনীতিকদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করেছে। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে একবারও নালিশ করেননি।’
বিএনপিকে ব্যর্থ দাবি করে কাদের বলেন, ‘বিএনপির মতো এত ব্যর্থ, দগদগে ব্যর্থতা আর কোনও দলের নেই। তারা এখন উন্মাদ হয়ে ইস্যু খোঁজে। এখন রোহিঙ্গা ইস্যুতে ভর করেছে।’
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএ সহ-সভাপতি জামাল উদ্দিন খলিফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদার প্রমুখ।